“রেল পুলিশের অভিযানে মাদক পাচারের পর্দাফাঁস! NJP থেকে মাদক নিয়ে কোথায় যাচ্ছিলেন তাঁরা? চক্রের বাকিদের খোঁজে তল্লাশি”
ডানকুনি, হুগলি:-
রেল পুলিশের নজরদারি এড়িয়ে মাদক পাচারের চেষ্টা, কিন্তু শেষরক্ষা হলো না! ডানকুনি স্টেশনের কাছে পুলিশের সন্দেহজনক তল্লাশিতে ধরা পড়লেন তিন মহিলা। তাঁদের বহন করা চারটি ব্যাগ খুলতেই উদ্ধার হলো মোট ৩৮ কেজি গাঁজা। ঘটনাকে কেন্দ্র করে রেল পুলিশের তদন্তে উঠে আসছে মাদক পাচারের সম্ভাব্য চক্রের একাধিক রহস্য।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১ নভেম্বর ২০২৬ গোপন সূত্রে রেল পুলিশের কাছে খবর আসে, ১২২০৪/১২৩৮৩ নম্বর SMBT বেঙ্গালুরু-হামসাফার এক্সপ্রেসে কয়েকজন ব্যক্তি গাঁজা-সহ অন্যান্য নিষিদ্ধ মাদকদ্রব্য নিয়ে যাতায়াত করছেন। সেই খবরের ভিত্তিতে ডানকুনি স্টেশনের ওভারব্রিজের নিচে সিভিল ড্রেসে পুলিশকর্মীদের নিয়ে শুরু হয় বিশেষ তল্লাশি অভিযান।
তল্লাশির সময় ভিড়ের মধ্যে পিঠব্যাগ ও সাইড ব্যাগ নিয়ে তিন মহিলাকে যেতে দেখা যায়। পুলিশের চেকিং নজরে আসতেই তাঁরা ব্যাগ রেখে ধীরে ধীরে সরে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। তাঁদের আচরণে সন্দেহ হওয়ায় আটক করে রেল পুলিশ।
এরপর ব্যাগ খুলতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। চারটি ব্যাগের মধ্যে মোট ৩৮ কেজি গাঁজা উদ্ধার হয়। ৩২টি প্যাকেটে ব্রাউন টেপ দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ছিল মাদক।
রেল পুলিশের জেরায় ধৃত মহিলারা জানিয়েছেন বলে সূত্রের দাবি, নিউ জলপাইগুড়ি (NJP) থেকে ওই মাদক সংগ্রহ করে ডানকুনি ও আশপাশের এলাকায় বিক্রির উদ্দেশ্যে তাঁরা যাচ্ছিলেন। তাঁদের সঙ্গে আরও কয়েকজন সহযোগী ছিল বলে জানা গিয়েছে। পুলিশের তল্লাশির সুযোগে ওই সহযোগীরা পালিয়ে যায় বলে অভিযোগ।
তাদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই মাদক কার কাছে পৌঁছনোর কথা ছিল, পাচারচক্রের নেপথ্যে আর কারা রয়েছে এবং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে মাদক সরবরাহের কোনও বড় নেটওয়ার্ক সক্রিয় কি না—এখন সেই প্রশ্নগুলিই তদন্তের কেন্দ্রে।
****মাদক পাচারের বিরুদ্ধে পুলিশের অভিযান অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন একটাই—ব্যাগভর্তি মাদক নিয়ে যাতায়াতের নেপথ্যে থাকা পুরো চক্রকে কি শেষ পর্যন্ত আইনের আওতায় আনা সম্ভব হবে? ধৃতদের জিজ্ঞাসাবাদে কি খুলবে আরও বড় পাচারচক্রের গোপন দরজা? উত্তর খুঁজছে তদন্তকারী পুলিশ।
সংগৃহীত ছবি



