ইসলামপুর:-
রাজ্য সড়কের জমিতে দোকানের একাংশ নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে ইসলামপুরে চাঞ্চল্য ছড়িয়েছে। রাস্তার পাশে থাকা গুরুত্বপূর্ণ মাইলস্টোনের জায়গা কার্যত দখল করে তার সংলগ্ন এলাকায় নির্মাণকাজ চালানোর অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে সরকারি রাস্তার জমির সুরক্ষা ও প্রশাসনিক নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট মাইলস্টোনে শিলিগুড়ির দূরত্ব ৬৯ কিলোমিটার এবং রায়গঞ্জের দূরত্ব ১০৭ কিলোমিটার উল্লেখ রয়েছে। সেই মাইলস্টোনের সংলগ্ন এলাকায় দোকানের একাংশ নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ।
বিষয়টি নিয়ে সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে পৌঁছলে দোকান মালিক প্রনব দাস নির্মাণকাজে ভুল হয়েছে বলে স্বীকার করেন। তাঁর দাবি, মিস্ত্রিদের ভুলের কারণেই রাজ্য সড়কের জমির মধ্যে দোকানের একাংশ তৈরি হয়ে গিয়েছে। পাশাপাশি, সংশ্লিষ্ট অংশ ভেঙে সরিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।
এদিকে, ঘটনার খবর পেয়ে ইসলামপুর ট্র্যাফিক বিভাগের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। বিষয়টি খতিয়ে দেখে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।



