শিক্ষার নামে ব্যবসা, অথচ নেই পর্যাপ্ত পরিকাঠামো! কোথাও উপযুক্ত শ্রেণিকক্ষের অভাব, কোথাও নেই প্রয়োজনীয় শিক্ষার পরিবেশ। এমনই অভিযোগ ও পরিদর্শনে উঠে আসা ঘাটতির ভিত্তিতে রাজ্যের 205 টি বিএড, আইটিআই, পলিটেকনিক ও ফার্মা কলেজে নতুন শিক্ষাবর্ষে পড়ুয়া ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
শিক্ষার মান নিয়ে আর কোনও আপস নয়—এই বার্তাই দিতে চাইছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আগে পরিকাঠামো উন্নত করতে হবে, পঠন-পাঠনের গুণগত মান নিশ্চিত করতে হবে। তারপরই মিলবে নতুন করে পড়ুয়া ভর্তির অনুমতি।
উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য, কোনও কলেজের অনুমোদন সরাসরি বাতিল করা সরকারের উদ্দেশ্য নয়। বরং প্রতিষ্ঠানগুলিকে আগামী শিক্ষাবর্ষের মধ্যে পরিকাঠামো ও শিক্ষার মান উন্নত করার সুযোগ দেওয়া হয়েছে। তাঁর কথায়, “ডিগ্রি বিক্রির দোকান খুলে যাতে এই প্রতিষ্ঠানগুলি না চলে, তার জন্যই এই ব্যবস্থা।”
উচ্চশিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, বিএড কলেজগুলির গুণমান যাচাই করতে বিশেষ পরিদর্শক দল পাঠানো হয়েছিল। প্রথম দফার পরিদর্শনের পর ১৫৬টি বিএড কলেজকে ২০২৬ থেকে ২০২৮ শিক্ষাবর্ষে ভর্তির অনুমোদন দেওয়া হয়। অন্যদিকে, ৪৫১টি বিএড কলেজকে শোকজ নোটিস পাঠানো হয় এবং প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়।
এর মধ্যে ৯টি কলেজ কর্তৃপক্ষ কোনও জবাব দেয়নি। অন্য প্রতিষ্ঠানগুলির জবাব খতিয়ে দেখে দ্বিতীয় দফায় নতুন পরিদর্শক দল নিয়োগ করা হয়।
দ্বিতীয় দফার পরিদর্শনে ২৩৭টি কলেজ নির্ধারিত গুণমানের মানদণ্ড পূরণ করেছে। তাদের ৪ নভেম্বর থেকে পড়ুয়া ভর্তির অনুমতি দেওয়া হয়েছে। তবে যারা এখনও মানদণ্ড পূরণ করতে পারেনি, তাদের পরিকাঠামো উন্নত করে সরকারি অনুমতি পাওয়ার পর পরবর্তী শিক্ষাবর্ষে ভর্তি শুরু করার সুযোগ থাকবে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামোগত ঘাটতি সামনে এসেছে।
– আইটিআই: রাজ্যের ২৬৫টি আইটিআই কলেজের মধ্যে ১৪টিতে প্রয়োজনীয় পরিকাঠামো না থাকায় নতুন পড়ুয়া ভর্তি বন্ধ রাখার নির্দেশ।
– ফার্মা কলেজ: মোট ১৩৪টির মধ্যে ৩৮টি কলেজে নতুন ছাত্রছাত্রী ভর্তি বন্ধ করতে বলা হয়েছে।
– পলিটেকনিক: মোট ৭৪টি কলেজের মধ্যে একটি কলেজে ভর্তি বন্ধের নির্দেশ।
– বিএড কলেজ: পরিদর্শন ও গুণমান যাচাইয়ের ভিত্তিতে একাধিক প্রতিষ্ঠানের ভর্তি সংক্রান্ত অনুমোদন পুনর্বিবেচনা করা হয়েছে।
*** প্রশ্ন উঠছে, এতদিন নজরদারি কোথায় ছিল?
শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হলেই কি শিক্ষার মান নিশ্চিত হয়? শুধু কলেজের নাম, বিল্ডিং কিংবা সার্টিফিকেটের প্রতিশ্রুতি থাকলেই কি একজন পড়ুয়ার ভবিষ্যৎ সুরক্ষিত হয়?যে পড়ুয়ারা মোটা টাকা খরচ করে পেশাগত শিক্ষার স্বপ্ন দেখেন, তাঁদের ভবিষ্যতের দায়িত্ব কে নেবে? পর্যাপ্ত পরিকাঠামো ছাড়া এতদিন কীভাবে এই প্রতিষ্ঠানগুলি চলছিল, সেই প্রশ্নও স্বাভাবিকভাবেই সামনে আসছে।
সরকারের এই পদক্ষেপ যদি বাস্তবে কঠোরভাবে কার্যকর হয়, তাহলে শিক্ষার নামে ব্যবসা চালানোর প্রবণতায় লাগাম পড়তে পারে। তবে শুধু ভর্তি বন্ধ করলেই দায়িত্ব শেষ নয়। নিয়মিত পরিদর্শন, স্বচ্ছ মূল্যায়ন এবং পড়ুয়াদের স্বার্থ রক্ষায় ধারাবাহিক নজরদারিও জরুরি।
শিক্ষা কোনও পণ্য নয়, ডিগ্রি কোনও বিক্রির সামগ্রী নয়। পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারও নেই। এবার দেখার, সরকারি নির্দেশ বাস্তবে কতটা কার্যকর হয় এবং কতগুলি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের শিক্ষার মান ও পরিকাঠামো উন্নত করতে পারে।



