Homeপশ্চিমবঙ্গকেনা জমিতে বাউন্ডারি দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা! দেওয়াল ভাঙচুর ও শ্রমিকদের মারধরের...

কেনা জমিতে বাউন্ডারি দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা! দেওয়াল ভাঙচুর ও শ্রমিকদের মারধরের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে

ইসলামপুর: কেনা জমিতে বাউন্ডারি দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর বাইপাস এলাকায়। নির্মীয়মাণ বাউন্ডারি দেওয়াল ভাঙচুরের পাশাপাশি কর্মরত শ্রমিকদের মারধরের অভিযোগ উঠল একদল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় এক শ্রমিক আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

অভিযোগকারী রিপন দাসের দাবি, প্রায় চার বছর আগে তিনি ওই এলাকায় চার কাঠা জমি কেনেন। এক বছর আগে জমিতে আংশিক বাউন্ডারি দেওয়ালও নির্মাণ করেছিলেন। সেই সময় কোনও বাধার সম্মুখীন হতে হয়নি তাঁকে। কিন্তু গতকাল থেকে পুনরায় জমিতে বাউন্ডারি দেওয়ালের কাজ শুরু হতেই বাধার সৃষ্টি হয় বলে অভিযোগ।

রিপন দাসের অভিযোগ, আজ তিনি ঘটনাস্থলে অনুপস্থিত থাকার সুযোগে কয়েকজন বিজেপি নেতা ও তাঁদের অনুগামীরা সেখানে গিয়ে নির্মীয়মাণ দেওয়াল ভাঙচুর করেন এবং কর্মরত শ্রমিকদের মারধর করেন। এমনকী, জমির দু’পাশে রামের পতাকা লাগিয়ে জমি দখলের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর। এই ঘটনায় এক শ্রমিক আহত হয়েছেন।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার অন্তর্গত রামগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জমির সমস্ত বৈধ কাগজপত্র তাঁর কাছে রয়েছে দাবি করে সঠিক তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে রামগঞ্জ পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন রিপন দাস।

অন্যদিকে, অভিযুক্তদের তরফে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। তাঁদের বক্তব্য, ওই জমি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। গতকাল পুলিশ এসে জমিতে নির্মাণকাজ করতে বাধা দেয়। তাঁদের দাবি, জমির মালিক প্রদীপ নন্দী তাঁদের কাছে এসে বিষয়টি জানান। এরপর আজ তাঁরা কয়েকজন বিজেপি কর্মী মিলে ওই জমিতে যান। কিন্তু কোনও ভাঙচুর তাঁরা করেননি। বরং জমির মালিকের লোকজনই ভাঙচুর করেছেন বলে পাল্টা দাবি অভিযুক্তদের।

দুই পক্ষের পরস্পরবিরোধী অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জমির মালিকানা সংক্রান্ত বিবাদের জেরে এই উত্তেজনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে পুলিশের তদন্তের দিকেই এখন তাকিয়ে স্থানীয় বাসিন্দারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments