ইসলামপুর: বাড়ির সামনে বাজি-পটকা ফাটানোর প্রতিবাদ করায় একই পরিবারের পাঁচ সদস্যকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ইসলামপুর থানার চম্পা বাগ এলাকায়। হামলার ঘটনায় এক মহিলা সহ একই পরিবারের পাঁচজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বপ্না নামে এক মহিলার বাড়িতে ছোট শিশু রয়েছে। সেই কারণে বাড়ির সামনে কয়েকজন যুবক বাজি-পটকা ফাটাচ্ছিলেন দেখে তিনি আপত্তি জানান। তাঁর বক্তব্য ছিল, বাড়িতে ছোট শিশু রয়েছে, তাই বাড়ির সামনে বাজি-পটকা না ফাটানোই ভালো। অভিযোগ, এই সামান্য প্রতিবাদকে কেন্দ্র করেই ক্ষিপ্ত হয়ে ওঠে তিন যুবক। এরপর লাঠি ও ইট নিয়ে ওই মহিলার উপর হামলা চালায় তারা।
মহিলাকে বাঁচাতে পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে এলে তাঁদের উপরেও হামলা চালানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় এক মহিলা সহ পরিবারের মোট পাঁচজন গুরুতর আহত হন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সামান্য প্রতিবাদকে কেন্দ্র করে একই পরিবারের পাঁচজনের উপর এমন হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।



