Homeপশ্চিমবঙ্গনদী নয়, যেন বালু মাফিয়াদের লুটের মাঠ!

নদী নয়, যেন বালু মাফিয়াদের লুটের মাঠ!

ভোর থেকে রাত—ভুটানিরঘাট ও ভুটানির ঘাট ডাঙ্গাপাড়া নদীতে বালু তোলার অভিযোগ, প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি কি শুধুই কাগজে-কলমে?

ফালাকাটা, আলিপুরদুয়ার : নদীর বুক চিরে বালু তোলা, প্রকৃতিকে ধ্বংস করে অবৈধ কারবারের অভিযোগ, আর সেই কারবারের বিরুদ্ধে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ফালাকাটার ভুটানিরঘাট ও ডাঙ্গাপাড়া নদী এলাকায় দীর্ঘদিন ধরে বালু উত্তোলন ও পরিবহণের অভিযোগ সামনে আসছে। স্থানীয় সূত্রের দাবি, ভোর থেকে রাতের অন্ধকার পর্যন্ত ট্রাক্টরের ট্রলি বোঝাই করে দ্রুতগতিতে বালু নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন দিকে।

অভিযোগ, নদীর বুকে নির্বিচারে বালু তোলার ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। নদীর চরিত্র বদলে যাচ্ছে, কোথাও কোথাও নদী ক্রমশ চড়ে পরিণত হচ্ছে। প্রশ্ন উঠছে—এই অবাধ বালু উত্তোলনের পরিণতি কি ভবিষ্যতে নদীভাঙন, পরিবেশ বিপর্যয় কিংবা সাধারণ মানুষের বিপদের কারণ হয়ে দাঁড়াবে?

সবচেয়ে বড় প্রশ্ন প্রশাসনকে ঘিরেই। সরকারের তরফে অবৈধ বালু কারবার বন্ধ করতে কঠোর পদক্ষেপ ও ‘জিরো টলারেন্স’-এর কথা বলা হলেও, বাস্তবে যদি দিনের পর দিন এমন অভিযোগ চলতে থাকে, তাহলে সেই কঠোরতার প্রতিফলন কোথায়? রাস্তায় প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের উপস্থিতি থাকা সত্ত্বেও, তাঁদের নজরের সামনে দিয়েই যদি বালুবোঝাই ট্রলি চলাচলের অভিযোগ ওঠে, তবে সেই নীরবতার ব্যাখ্যা কে দেবে?

আইন কি শুধুই সাধারণ মানুষের জন্য? আর নদীর বুক লুটের অভিযোগে অভিযুক্তদের জন্য কি অন্য কোনও নিয়ম চলছে?

ফালাকাটার প্রাণকেন্দ্র থেকে বিভিন্ন প্রান্তে বালুবোঝাই ট্রাক্টরের চলাচল নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। নদী কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। নদী, পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদ রক্ষা করা প্রশাসনের সাংবিধানিক ও আইনগত দায়িত্বের অংশ। সেই দায়িত্ব পালনে যদি গাফিলতি থাকে, তাহলে তার জবাবদিহি চাইবে মানুষ।

সরকার আইন তৈরি করবে, প্রশাসন সেই আইন বাস্তবায়ন করবে—এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু আইন যদি বাস্তবের মাটিতে কার্যকর না হয়, তাহলে কঠোর আইনও একদিন কাগুজে বাঘে পরিণত হবে।

প্রশ্ন একটাই—ভুটানিরঘাট ও ডাঙ্গাপাড়া নদীর বালু উত্তোলন ও পরিবহণের অভিযোগ খতিয়ে দেখতে প্রশাসনের অভিযান কবে? নদী রক্ষায় পদক্ষেপ হবে, নাকি বালু লুটের অভিযোগ চলতেই থাকবে আর নদী ধ্বংসের নীরব সাক্ষী হয়ে থাকবে?

নদী বাঁচুক, প্রকৃতি বাঁচুক—আর প্রশাসনের জিরো টলারেন্স নীতি এবার বাস্তবের মাটিতে দেখা যাক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments