দার্জিলিং:-
আজকের দার্জিলিং মানেই পাহাড়, চা-বাগান, টয়ট্রেন আর কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য। কিন্তু এই পাহাড়ি শহরের ইতিহাসের পাতা উল্টালে উঠে আসে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায়। যে দার্জিলিংকে আজ আমরা পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা হিসেবে চিনি, একসময় সেই অঞ্চল ছিল সিকিমের রাজ্যের অধীন।
১৮৩৫ সালের ১লা ফেব্রুয়ারি। এই দিনটি দার্জিলিংয়ের ইতিহাসে এক যুগান্তকারী দিন হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। সিকিমের তৎকালীন শাসক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে দার্জিলিংয়ের একটি পাহাড়ি অঞ্চল হস্তান্তরের জন্য একটি দলিলে সম্মতি দেন।
কেন ব্রিটিশদের নজর পড়েছিল দার্জিলিংয়ের উপর?
ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে ব্রিটিশদের কাছে হিমালয়ের এই অঞ্চল কেবল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আকর্ষণীয় ছিল না। এর ছিল সামরিক ও কৌশলগত গুরুত্বও।
ব্রিটিশ আধিকারিক ক্যাপ্টেন লয়েড ১৮২৯ সালে দার্জিলিং অঞ্চল পরিদর্শন করেন। পাহাড়ের আবহাওয়া, অবস্থান এবং ভৌগোলিক সুবিধা দেখে ব্রিটিশ প্রশাসনের কাছে এই অঞ্চলকে স্বাস্থ্যনিবাস হিসেবে গড়ে তোলার প্রস্তাব আসে।
তখন ব্রিটিশদের উদ্দেশ্য ছিল অসুস্থ ইউরোপীয় কর্মচারীদের জন্য শীতল আবহাওয়ার একটি স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা। পাশাপাশি নেপাল, ভুটান ও তিব্বতের সীমান্তবর্তী অঞ্চলের উপর নজর রাখাও ছিল গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।
১৮৩৫ সালের সেই দলিলে কী লেখা ছিল?
দার্জিলিং জেলা প্রশাসনের সরকারি ইতিহাস এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সংরক্ষিত ঐতিহাসিক দলিল অনুযায়ী, ১লা ফেব্রুয়ারি ১৮৩৫ সালে সিকিমের রাজার পক্ষ থেকে দার্জিলিংয়ের নির্দিষ্ট ভূখণ্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়া হয়।
তৎকালীন দলিলে দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলকে ব্রিটিশ গভর্নর জেনারেলের কর্মচারীদের স্বাস্থ্যলাভের উদ্দেশ্যে হস্তান্তরের কথা উল্লেখ করা হয়েছিল।
প্রথম পর্যায়ে হস্তান্তরিত অঞ্চলটি ছিল প্রায় ১৩৮ বর্গমাইল। অর্থাৎ আজকের গোটা দার্জিলিং জেলা তখন ব্রিটিশদের হাতে যায়নি।
প্রশ্ন,বিনিময়ে কী পেয়েছিল সিকিম?
এই অধ্যায়ের একটি উল্লেখযোগ্য দিক হল, হস্তান্তরের বিনিময় নিয়ে ঐতিহাসিক বিবরণে কিছু বিতর্ক রয়েছে।
দার্জিলিং জেলা প্রশাসনের ইতিহাসে উল্লেখ রয়েছে, প্রথমদিকে সিকিমের রাজাকে উপহার হিসেবে একটি বন্দুক, একটি রাইফেল, লাল কাপড় এবং শাল দেওয়া হয়েছিল। পরে ১৮৪১ সালে ব্রিটিশ সরকার বার্ষিক ৩,০০০ টাকা ভাতা মঞ্জুর করে, যা ১৮৪৬ সালে বাড়িয়ে ৬,০০০ টাকা করা হয়।তবে এই হস্তান্তরকে নিছক উপহার হিসেবে দেখলে ইতিহাসের সম্পূর্ণ চিত্র পাওয়া যায় না। এর পিছনে ছিল ব্রিটিশদের কৌশলগত স্বার্থ এবং সিকিমের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি।
ইতিহাসের আড়ালে লেপচাদের কথাও কি মনে রাখা হয়েছে?
দার্জিলিংয়ের ইতিহাস বলতে গেলে লেপচা সম্প্রদায়ের ইতিহাসকে উপেক্ষা করা যায় না। ব্রিটিশদের আগমনের আগে এই পাহাড়ি অঞ্চলে লেপচা জনগোষ্ঠীর বসবাস ছিল। পরবর্তী সময়ে নেপাল, সিকিম ও ভুটান থেকে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের আগমন ঘটে।
অতএব দার্জিলিংয়ের ইতিহাস শুধু একটি ভূখণ্ড হস্তান্তরের ইতিহাস নয়। এটি পাহাড়ের আদিবাসী জনগোষ্ঠী, রাজনীতি, ঔপনিবেশিক স্বার্থ এবং জনবসতির পরিবর্তনের ইতিহাসও।
প্রশ্ন, যে পাহাড়ের ইতিহাসে সিকিমের রাজবংশ, লেপচা জনগোষ্ঠী এবং ব্রিটিশ ঔপনিবেশিক নীতির এত বড় ভূমিকা রয়েছে, সেই ইতিহাস কি নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরা হচ্ছে?



