Homeদেশ-বিদেশদেশসিঁদুর নিয়ে কটাক্ষ, দিব্যাকে নাম না করেই পালটা জবাব কোমলের! গোবিন্দা-সুনীতার প্রসঙ্গও...

সিঁদুর নিয়ে কটাক্ষ, দিব্যাকে নাম না করেই পালটা জবাব কোমলের! গোবিন্দা-সুনীতার প্রসঙ্গও টেনে বিস্ফোরক পোস্ট

মুম্বই: গোবিন্দা ও কমল রানি স্বর্ণকারকে ঘিরে জল্পনা যেন কিছুতেই থামছে না। বরং লালবাগচা রাজার পুজোয় তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পর সেই জল্পনায় নতুন মাত্রা যোগ হয়েছে। আর এবার বিতর্কের কেন্দ্রে কমলের সিঁথির সিঁদুর। বিষয়টি নিয়ে অভিনেত্রী দিব্যা খোসলার কটাক্ষের পর সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে নাম না করেই পালটা জবাব দিলেন কমল।
মুম্বইয়ের লালবাগচা রাজার পুজোয় গোবিন্দার সঙ্গে দেখা গিয়েছিল কমলকে। তাঁর সিঁথিতে ছিল সিঁদুর। সেই ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নানা প্রশ্ন উঠতে শুরু করে। এরপরই ধর্মীয় স্থানে গিয়ে সিঁদুর পরার বিষয়টি নিয়ে কমলকে কটাক্ষ করেন দিব্যা খোসলা। ব্যক্তিগত স্বার্থে ধর্মকে ব্যবহার না করার বার্তাও দেন তিনি।
তবে সেই মন্তব্যে চুপ করে থাকেননি কমল। ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট করে নাম না করেই কড়া ভাষায় পালটা জবাব দেন তিনি। প্রশ্ন তোলেন, তাঁর ‘হিরো’র সঙ্গে গণপতির আশীর্বাদ নিতে যাওয়াটাই বা হঠাৎ এত বড় বিতর্কের বিষয় হয়ে উঠল কেন?
কমলের দাবি, ‘রূপা’ ছবির সাফল্য কামনা করতেই তাঁরা লালবাগচা রাজার কাছে গিয়েছিলেন। তাঁর যুক্তি, অভিনেতা-অভিনেত্রীরা ছবির প্রচারের স্বার্থে সহ-অভিনেতাদের সঙ্গে বিভিন্ন প্রকাশ্য জায়গায় গেলে তা নিয়ে প্রশ্ন ওঠে না। তাহলে তাঁর ক্ষেত্রে একই বিষয় নিয়ে এত আলোচনা কেন—সেই প্রশ্নই তুলেছেন কমল।
এরপরই সিঁদুর বিতর্কে আরও সরব হন তিনি। কমলের বক্তব্য, বিয়ে, সিঁদুর কিংবা ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে কারও কাছ থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন তাঁর নেই। একইসঙ্গে এমন মহিলাদেরও নিশানা করেন তিনি, যাঁরা নিজেরাই বৈবাহিক সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখে থাকা সত্ত্বেও অন্যের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিচার করছেন বলে তাঁর অভিযোগ।
যদিও দীর্ঘ পোস্টে কাউকে সরাসরি নাম করে আক্রমণ করেননি কমল, তাঁর বক্তব্যের নিশানা দিব্যা খোসলা এবং গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজার দিকে বলেই বিভিন্ন মহলে ব্যাখ্যা করা হচ্ছে।
ফলে গোবিন্দা-কমলকে ঘিরে চলা জল্পনায় ফের উত্তাপ বাড়ল। সিঁথির সিঁদুর থেকে শুরু করে সম্পর্কের সমীকরণ—সব মিলিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে এই তারকা-জুটিই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments