শিশু অধিকার রক্ষায় বড় উদ্যোগ, ১০ বছরের জুভেনাইল জাস্টিস আইন পর্যালোচনায় সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি, ১০ অক্টোবর: শিশুদের অধিকার, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। ২০১৫ সালের জুভেনাইল জাস্টিস (শিশুদের যত্ন ও সুরক্ষা) আইনের ১০ বছর পূর্তি উপলক্ষে শনিবার থেকে শুরু হচ্ছে দু’দিনের জাতীয় স্তরের পরামর্শ বৈঠক।
সুপ্রিম কোর্টের জুভেনাইল জাস্টিস কমিটি ও UNICEF-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই বৈঠকে সুপ্রিম কোর্ট ও বিভিন্ন হাইকোর্টের বিচারপতি, সরকারি আধিকারিক এবং শিশু অধিকার বিশেষজ্ঞরা অংশ নেবেন।
বৈঠকে আইনের বাস্তবায়নে গত দশ বছরের অগ্রগতি, বিভিন্ন সমস্যা এবং আগামী দশকে শিশু সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হবে। বিশেষ গুরুত্ব পাবে আইনের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়া শিশুদের অধিকার, অসহায় শিশুদের যত্ন, দত্তক গ্রহণ প্রক্রিয়া, পুনর্বাসন এবং শিশু-বান্ধব বিচারব্যবস্থা।
এই আলোচনার মাধ্যমে শিশুদের অধিকার রক্ষা ও ন্যায়বিচার পাওয়ার সুযোগ আরও উন্নত করার জন্য ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের লক্ষ্য নেওয়া হয়েছে।



