Homeপশ্চিমবঙ্গবক্সায় আনা বাঘিনির গর্ভপাত! বাঘ সংরক্ষণের উদ্যোগে বড়সড় ধাক্কা, কাঠগড়ায় কারা? তদন্তে...

বক্সায় আনা বাঘিনির গর্ভপাত! বাঘ সংরক্ষণের উদ্যোগে বড়সড় ধাক্কা, কাঠগড়ায় কারা? তদন্তে এনটিসিএ-র বিশেষ দল।


২ অক্টোবর ঘটা করে বক্সায় ছাড়া হয়েছিল বাঘিনিকে, উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব। কয়েক সপ্তাহের মধ্যেই গর্ভপাতের ঘটনায় তীব্র চাঞ্চল্য। প্রশ্ন উঠছে, বাঘিনির এমন পরিণতির দায় এড়াবে কে?
বক্সা:-
বাঘ ফেরানোর স্বপ্ন নিয়ে ঢাকঢোল পিটিয়ে বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে বক্সা টাইগার রিজার্ভে নিয়ে আসা হয়েছিল বাঘিনিকে। গত ২ অক্টোবর কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে ঘটা করে তাকে বক্সার জঙ্গলে ছাড়া হয়। কিন্তু সেই বহুল প্রচারিত উদ্যোগের পরিণতি ঘিরে এবার উঠছে একাধিক প্রশ্ন। বাঘিনির গর্ভপাতের ঘটনায় কার্যত অস্বস্তিতে বন দফতর। বাঘ সংরক্ষণের এত বড় উদ্যোগের পর এমন ঘটনা কীভাবে ঘটল, আর এর দায় কার—তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা।
ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে ক্ষোভ ও উদ্বেগ বাড়তে থাকায় বিষয়টিতে সরাসরি হস্তক্ষেপ করেছেন কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব। সূত্রের খবর, তিনি নিজেই গোটা পরিস্থিতির ওপর টানা নজর রাখছেন এবং নিয়মিত ঘটনার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন।
ইতিমধ্যেই ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি (এনটিসিএ)-র একটি বিশেষ প্রতিনিধি দল বক্সায় পৌঁছে সরেজমিনে তদন্ত শুরু করেছে। বাঘিনির শারীরিক অবস্থা, গর্ভপাতের সম্ভাব্য কারণ, স্থানান্তরের আগে ও পরে তার স্বাস্থ্য পরীক্ষা এবং গোটা প্রক্রিয়ায় বন দফতরের ভূমিকা—সবকিছুই তদন্তের আওতায় আসতে পারে।
তবে সবচেয়ে বড় প্রশ্ন, বাঘিনির এই পরিণতি কি নিছকই প্রাকৃতিক বা শারীরিক জটিলতার ফল, নাকি স্থানান্তর ও পরবর্তী ব্যবস্থাপনায় কোথাও কোনও গাফিলতি ছিল? যথাযথ স্বাস্থ্য পরীক্ষা, পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ এবং পর্যাপ্ত নজরদারি কি নিশ্চিত করা হয়েছিল?
বক্সায় বাঘের সংখ্যা বাড়ানো নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ উদ্যোগ। কিন্তু বাঘ সংরক্ষণের নামে শুধু আনুষ্ঠানিক উদ্বোধন, প্রচার আর রাজনৈতিক উপস্থিতিই কি যথেষ্ট? বন্যপ্রাণীর জীবন ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও কি সমান গুরুত্বে পালন করা হয়েছে?
এখন নজর এনটিসিএ-র তদন্ত রিপোর্টের দিকে। তদন্তে যদি কোনও গাফিলতি বা দায়িত্বে অবহেলার প্রমাণ মেলে, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, সেটাই দেখার। কারণ বাঘ সংরক্ষণ কোনও প্রচারের বিষয় নয়, এটি প্রকৃতি ও বন্যপ্রাণীর প্রতি দায়বদ্ধতার পরীক্ষা। সেই পরীক্ষায় ব্যর্থতার অভিযোগ উঠলে তার জবাবদিহি করতেই হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments