Homeপশ্চিমবঙ্গশপিংমলে বিধায়কের সামনেই গ্রেফতার রিভা! কোটি টাকার টেন্ডার বিতর্কে নতুন মোড়, ঘটনার...

শপিংমলে বিধায়কের সামনেই গ্রেফতার রিভা! কোটি টাকার টেন্ডার বিতর্কে নতুন মোড়, ঘটনার পর থেকেই ‘নিখোঁজ’ নোমান?

শিলিগুড়ি: শপিংমলে কফির আড্ডা, আর সেই আড্ডার মাঝেই পুলিশের হানা! সঙ্গে ছিলেন বিধায়ক নোমান এবং তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত রিভা। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির একটি শপিংমলে পৌঁছয় পুলিশ। অভিযোগ, বিধায়কের সামনেই রিভাকে আটক করা হয়। তাঁকে ছাড়ানোর জন্য নোমান একাধিক পদক্ষেপ করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। অবশেষে পুলিশ গ্রেফতার করে রিভাকে। ঘটনার পর থেকেই নোমানের মোবাইল ফোন বন্ধ বলে জানা যাচ্ছে। তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিভা নোমানের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। সরকারি ও বেসরকারি বিভিন্ন অনুষ্ঠানে বিধায়কের সঙ্গে তাঁকে দেখা যেত। পেশায় ঠিকাদার রিভা বিভিন্ন বড় সংস্থার নির্মাণকাজের সঙ্গে যুক্ত। তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে রাজনৈতিক মহলেও দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল।

এই ঘটনার নেপথ্যে রয়েছে ২০২৪ সালের জানুয়ারি মাসের একটি আর্থিক লেনদেনের অভিযোগ। অভিযোগকারী মানিক আরোরা, যিনি বর্তমানে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি, তাঁর দাবি, সেবক থেকে রংপো পর্যন্ত নির্মীয়মাণ রেল প্রকল্পের রংপো স্টেশন তৈরির কাজের টেন্ডার পাওয়ার জন্য তাঁর এবং তাঁর দাদার কাছে প্রায় এক কোটি টাকা দাবি করা হয়েছিল।

মানিকের অভিযোগ, টেন্ডারের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তিনি ও তাঁর দাদা ব্যাঙ্কের মাধ্যমে ওই টাকা রিভার অ্যাকাউন্টে জমা করেন। পরবর্তী সময়ে কাজের অংশীদারিত্ব নিয়ে মতবিরোধ তৈরি হয়। অভিযোগকারীর দাবি, রিভা চেয়েছিলেন নির্মাণকাজের সমস্ত খরচ আরোরা পরিবার বহন করুক, অথচ কাজের অংশীদারিত্বের বিষয়েও আগে আলোচনা হয়েছিল। পরে অংশীদারিত্ব থেকে সরে আসার সিদ্ধান্ত হলে জমা দেওয়া টাকা ফেরত চাওয়া হয়। কিন্তু অভিযোগ, সেই টাকা ফেরত দেওয়ার বিষয়ে রিভা কোনও গুরুত্ব দেননি।

ঘটনার পর রিভার গ্রেফতারি এবং নোমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জল্পনা শুরু হয়েছে।

এখন সবচেয়ে বড় প্রশ্ন—এক কোটি টাকার লেনদেনের অভিযোগের প্রকৃত সত্য কী? টেন্ডার প্রক্রিয়ায় কার কী ভূমিকা ছিল? আর এই আর্থিক বিতর্কের সঙ্গে আরও কারও যোগ রয়েছে কি না, তা কি তদন্তে উঠে আসবে?

এই সমস্ত প্রশ্নের উত্তর এখন নির্ভর করছে পুলিশের তদন্ত এবং সংশ্লিষ্ট পক্ষগুলির বক্তব্যের উপর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments