উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পালিত হলো শিশু দিবস। শনিবার শিশু দিবস উপলক্ষে চোপড়া ব্লকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খুদে পড়ুয়াদের নিয়ে একাধিক কর্মসূচির আয়োজন করল সামাজিক সংস্থা ইনস্পায়ার লাইফ ফাউন্ডেশন।
শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের শিক্ষার প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়িয়ে তোলার লক্ষ্যেই সংস্থার পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। এদিন চোপড়ার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ছোট ছোট পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন ধরনের শিক্ষাসামগ্রী। পড়াশোনার সামগ্রী পেয়ে স্বাভাবিকভাবেই আনন্দে মেতে ওঠে শিশুরা।
সংস্থার এই উদ্যোগে খুশি পড়ুয়াদের পাশাপাশি সন্তোষ প্রকাশ করেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারাও। তাঁদের মতে, শিশুদের শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে এবং পড়াশোনার পথে উৎসাহ জোগাতে এই ধরনের সামাজিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ইনস্পায়ার লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া শিশুদের পাশে দাঁড়ানো এবং শিক্ষা, স্বাস্থ্য ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়াই তাঁদের অন্যতম লক্ষ্য। আগামী দিনেও শিশুদের সার্বিক বিকাশ ও শিক্ষার প্রসারে এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে সংস্থার।



