জগদ্ধাত্রী পুজোয় উৎসবের আবেগে ভাসছে হুগলি। কিন্তু মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস ও জনপ্লাবন মনে করিয়ে দিচ্ছে কয়েক মাসের আগে ঘটে যাওয়া চোরবাগানের স্মৃতি। দুর্গাপুজোর সপ্তমীতে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর পর জগদ্ধাত্রী পুজোয় তার পুনরাবৃত্তি এড়াতে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হল পুলিশ প্রশাসন। মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ এবং প্রতিমা দর্শন সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠীর সন্ধ্যায় মানকুন্ডুতে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় এবং ভিআইপি কনভয়কে কেন্দ্র করে তৈরি হওয়া হুড়োহুড়ির জেরে বড়সড় দুর্ঘটনা এড়াতে রাত ৮টা থেকে মানকুন্ডু সার্কাস মাঠ সংলগ্ন পুজো মণ্ডপ বন্ধের সিদ্ধান্ত নিল প্রশাসন।
চোরবাগান বিপর্যয় থেকে শিক্ষা, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ফাঁক রাখতে চাইছে না প্রশাসন
চোরবাগান বিপর্যয় থেকে শিক্ষা, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ফাঁক রাখতে চাইছে না প্রশাসন
স্টেশন রোডে জনসমুদ্র, কনভয় আটকে চরম বিশৃঙ্খলা
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ষষ্ঠীর বিকেল গড়াতেই মানকুন্ডু স্টেশন রোড এবং সার্কাস মাঠ চত্বরে কাতারে কাতারে মানুষ ভিড় জমাতে শুরু করেন। সন্ধ্যার পর সেই ভিড় কার্যত জনসমুদ্রের আকার নেয়। এই প্রবল ভিড়ের মধ্যেই এ দিন মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ পরিদর্শনে আসেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। ছিলেন দলের কেন্দ্রীয় নেতা সুনীল বনসল, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং দীপাঞ্জন গুহ-সহ অন্যান্য নেতারা।
অভিযোগ, ওই নেতাদের গাড়ির কনভয় পুজো মণ্ডপ চত্বরে ঢুকতেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এমনিতেই রাস্তায় তিলধারণের জায়গা ছিল না, তার উপর গাড়ির কনভয় ঢুকে পড়ায় অসংখ্য দর্শনার্থী মাঝপথে আটকে পড়েন। রাস্তায় প্রবল চাপে মানুষজনের মধ্যে হুড়োহুড়ি ও চরম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। পদপিষ্ট হওয়ার মতো আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছিল না।
পরিস্থিতি সামাল দিতে মণ্ডপ বন্ধ করল পুলিশ
ঘটনাস্থলে মোতায়েন থাকা পুলিশকর্মীরা তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রবল ভিড় ঠেলে কোনওমতে নেতা-নেত্রীদের গাড়ির কনভয়টি নিরাপদে সেখান থেকে বের করার ব্যবস্থা করে পুলিশ।
কিন্তু কনভয় বেরিয়ে গেলেও মণ্ডপ ও স্টেশন রোড চত্বরে অতিরিক্ত ভিড়ের চাপ কমছিল না। যে কোনও মুহূর্তে ভিড়ের চাপে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে— এই আশঙ্কা থেকেই ঝুঁকি নিতে চায়নি প্রশাসন। ফলে রাত ৮টা থেকে মানকুন্ডু সার্কাস মাঠে দর্শনার্থীদের ঢোকা সম্পূর্ণ বন্ধ করে দেয় পুলিশ। বন্ধ করে দেওয়া হয় মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের প্রতিমা দর্শনও।
পুলিশের তরফে মাইকিং করে সাধারণ মানুষকে ভিড় না জমানোর এবং সহযোগিতা করার অনুরোধ জানানো হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই পুনরায় মণ্ডপের গেট দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে খবর।



